চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় রেকর্ডমাত্রার বৃষ্টিপাত হয়েছে। জেলা শহরের নিচু এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হলেও কৃষি খাতে এই বৃষ্টি স্বস্তির বার্তা দিয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আতিকুল ইসলাম জানান, জেলার পাঁচ উপজেলায় ২৪ ঘণ্টায় মোট ১৮২ মিলিমিটার এবং গড়ে ৩৬.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি বর্ষা মৌসুমে এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ।
অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, নাচোল উপজেলায় সবচেয়ে বেশি ৫০ মিলিমিটার বৃষ্টি নামে। এরপর সদর উপজেলায় ৪৫ মিলিমিটার, শিবগঞ্জে ৩২ মিলিমিটার, গোমস্তাপুরে ৩০ মিলিমিটার এবং ভোলাহাটে ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
টানা বর্ষণে চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউ মার্কেট, কোর্ট চত্বর, নিউ ইসলামপুর ও বেলেপুকুরসহ বিভিন্ন নিচু এলাকায় রাস্তাঘাট তলিয়ে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বেলেপুকুর মহল্লার বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন, "গতকাল বিকেল থেকে মুষলধারে বৃষ্টির কারণে রাস্তায় পানি জমে গেছে। ড্রেন দিয়ে পানি দ্রুত বের হতে না পারায় নিউ মার্কেট ও কোর্ট চত্বর এলাকায় চলাচলে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।"
তবে কৃষিজমিতে কোনো ক্ষতির খবর নেই। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আতিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, "চলতি বর্ষা মৌসুমে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। নিচু এলাকার কিছু অংশে পানি জমলেও কোনো ফসলি জমির ক্ষতি হয়নি। বরং এই বৃষ্টি রোপা আমন ধানের জন্য আশীর্বাদ হয়ে এসেছে, যা গাছের বৃদ্ধি বাড়াবে এবং কৃষকদের সেচ খরচ অনেকটাই বাঁচিয়ে দেবে।"