ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত আরও দুই রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতালটিতে ডেঙ্গুজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. মুহাম্মদ মাঈন উদ্দিন খান। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৩ জন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত মোট ১১১ জন চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে পুরুষ ৬৯ জন, নারী ২৭ জন এবং শিশু ১৫ জন রয়েছে। এর মধ্যে একজন নারী রোগী আইসিইউতে ভর্তি আছেন। চিকিৎসক ও নার্সরা সব রোগীর প্রতি আন্তরিকভাবে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। অপরদিকে, গত ২৪ ঘণ্টায় ৩১ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন।

হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৫৪৬ জন ভর্তি হয়েছেন। এ সময় ১২ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত বছর একই সময়ে ২ হাজার ৯৪৮ জন ভর্তি হয়েছিলেন। সূত্র মতে, চলতি বছরেও প্রতিদিন হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ বৃদ্ধি পাচ্ছে।

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন বিষয়টি তুলে ধরে বলেন, সিটি করপোরেশনের পক্ষ থেকে মশা নিধন কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে নাগরিকদের সচেতনতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব নয়। তিনি নগরবাসীকে নির্দেশ দিয়েছেন, বাড়ির ছাদ, টব, ফুলের পাত্র বা আশপাশে কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে।