কেউ সুড়সুড়ি দিলে মানুষের শরীরে স্বাভাবিকভাবেই চমকানো বা হাসির প্রতিক্রিয়া দেখা যায়। কিন্তু নিজের হাতে নিজেকে সুড়সুড়ি দিলে কেন এমন কোনো প্রতিক্রিয়া তৈরি হয় না? এ বিষয়ে স্পষ্ট ধারণা দিয়েছেন স্কয়ার হাসপাতাল লিমিটেডের নিউরোমেডিসিন বিভাগের কনসালট্যান্ট ডা. রমা বিশ্বাস।
অন্য কাউকে দিয়ে সুড়সুড়ি খেলে শরীরের কোন অংশে, কতটা জোর এবং কত দ্রুত গতিতে স্পর্শ হবে তা আগে থেকে জানা থাকে না। এই অনিশ্চয়তা ও অপেক্ষার কারণেই মস্তিষ্ক তীব্র প্রতিক্রিয়া দেখায়। ফলে হাসি, শিহরণ বা বিরক্তি—যেকোনো একটি অনুভূতি কাজ করে।
কিন্তু যখন আপনি নিজেকেই সুড়সুড়ি দেন, তখন আপনার মস্তিষ্ক আগে থেকেই জানে আঙুল কোথায় লাগবে, কতটা তীব্র হবে স্পর্শ এবং গতি কেমন হবে। মস্তিষ্কের যে অংশগুলো এই সংবেদনশীল প্রতিক্রিয়ার জন্য দায়ী, সেখানে পাঠানো সংকেতগুলো মস্তিষ্ক নিজেই উপেক্ষা বা কম গুরুত্ব দেয়। ফলে ‘অজানা চমক’ থাকে না এবং প্রয়োজনীয় শারীরিক বা মানসিক প্রতিক্রিয়াও তৈরি হয় না।
তবে সব ক্ষেত্রেই এটি প্রযোজ্য নয়। সিজোফ্রেনিয়া রোগীদের ক্ষেত্রে মস্তিষ্কের কার্যপ্রণালি ভিন্ন হওয়ায় তারা নিজেকে সুড়সুড়ি দিলেও অন্যের দেওয়া সুড়সুড়ির মতোই প্রতিক্রিয়া দেখাতে পারেন। তাদের মস্তিষ্ক নিজের পরিকল্পনা ও বাস্তবায়নের মধ্যে পার্থক্য ঠিকমতো শনাক্ত করতে না পারায় এমনটি ঘটে।
(রাফিয়া আলম)