নানা স্বাদের রঙিন মোমো বাড়িতেই বানানো সম্ভব। রেসিপি দিয়েছেন সেলিনা আক্তার।

ডো তৈরির উপকরণ: ময়দা ১ কাপ, কর্নফ্লাওয়ার সিকি কাপ, সয়াবিন তেল ২ চা-চামচ, লবণ সিকি চা-চামচ। সবুজ রঙের জন্য সেদ্ধ পালংশাকের রস, লাল রঙের জন্য বিটরুটের রস এবং হলুদ রঙের জন্য গাজরের রস—প্রতিটি প্রয়োজনমতো।

রঙিন ডো তৈরির প্রণালি: ময়দা, কর্নফ্লাওয়ার, লবণ এবং তেল একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। ময়দাটিকে তিনটি সমান ভাগে ভাগ করে আলাদা আলাদা বাটিতে রাখুন। একেকটি বাটির ময়দায় অল্প অল্প করে পালংশাকের রস, বিটরুটের রস বা গাজরের রস মিশিয়ে আলাদা রঙের নরম ডো (খামির) তৈরি করুন। ডোগুলো সুতি ভেজা কাপড় দিয়ে ১০ থেকে ১৫ মিনিট ঢেকে রেখে দিন।

পুরের উপকরণ: মুরগির কিমা ১ কাপ, স্প্রিং অনিয়নকুচি আধা কাপ, আদাকুচি ১ টেবিল চামচ, রসুনকুচি ১ টেবিল চামচ, কাঁচা মরিচকুচি ১ চা-চামচ, সয়া সস ১ টেবিল চামচ, কালো গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ, স্বাদমতো লবণ এবং গলানো মাখন ১ টেবিল চামচ।

পুর বানানোর প্রণালি: সব উপকরণ ভালো করে মেখে নিন। প্রতিটি রঙের ডো থেকে বড় করে একটি রুটি বেলে নিন। ছোট করে কাটারে কেটে নিন। বিভিন্ন রঙের ছোট ছোট লেচি একসঙ্গে জোড়া দিয়ে একটি বহুরঙা রুটিও বেলে নিতে পারেন। এবার বেলা রুটির মাঝখানে ১ চা-চামচ তৈরি করা পুর দিন। রুটির চারপাশ সামানয পানি দিয়ে ভিজিয়ে নিন। এক পাশ থেকে কুঁচি দিয়ে মুড়ে মোমোর আকৃতি দিন। স্টিমার বা চালনিতে সামানয তেল মাখিয়ে নিন যেন মোমো আটকে না যায়। ফুটন্ত পানির ওপর স্টিমারটি বসিয়ে মোমোগুলো সাজিয়ে দিন। ঢাকনা দিয়ে মাঝারি আঁচে ১২ থেক ১৫ মিনিট স্টিাম করুন। মোমোর ওপরটা চকচকে ও মসৃণ দেখালে বুঝবেন এটা তৈরি হয়ে গেছে।