চট্টগ্রামের হাটহাজারীতে একটি সিএনজি অটোরিকশা ওয়ার্কশপের আড়ালে দীর্ঘ সময় ধরে অবৈধ অস্ত্র তৈরির গোপন কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এই কারখানায় অত্যাধুনিক পেনগানসহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র তৈরি করা হতো। সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ২টায় পরিচালিত এক অভিযানে পুলিশ একটি দেশীয় তৈরি অত্যাধুনিক পেনগানসহ মোট ৫টি আগ্নেয়াস্ত্র, ২০ রাউন্ড গুলি এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে।

তল্লাশির সময় আসামিদের কাছ থেকে ১টি অত্যাধুনিক পেনগান, ৪টি দেশীয় পিস্তল, ১৮টি পেনগানের গুলি ও ২ রাউন্ড পিস্তলের বুলেট জব্দ করা হয়। এ ঘটনায় মির্জাপুর ইউনিয়নের মনসুরাবাদ কলোনি এলাকার মো. জামাল হোসেন ওরফে জামাল মিস্ত্রি (৪৪) ও মো. কবির (৪৭)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র তৈরি ও সরবরাহকারী চক্রটির ওপর নজরদারি শুরু করে হাটহাজারী থানা-পুলিশ। পুলিশ সুপার মাসুদ আলম বলেন, "প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন, হাটহাজারীর সরকারহাট বাজারে অবস্থিত ‘ওসমান সিএনজি অটোরিকশা ওয়ার্কশপ’-এর ভেতরের গোপন আস্তানায় এসব দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরি করা হতো। কারখানাটি বাইরে অটোরিকশা মেরামতের প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হলেও মূলত এটি ছিল অবৈধ অস্ত্র তৈরির কেন্দ্র। তৈরি করা অস্ত্রগুলো পরবর্তীতে বিভিন্ন সন্ত্রাসী চক্রের কাছে বিক্রি করা হতো।"

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ সরকারহাট বাজারের ওই ওয়ার্কশপে দ্বিতীয় দফায় তল্লাশি চালিয়ে অস্ত্র তৈরির কাঁচামাল, আলামত ও সরঞ্জাম জব্দ করে। হাটহাজারী থানা-পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত ওয়ার্কশপ মালিক ওসমান বর্তমানে পলাতক। তাকে এবং চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।