রাজধানীর ডেমরায় থানা বিএনপির আহ্বায়ক মো. সেলিমের বাড়িতে গুলি চালানোর ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে একজন ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক।
ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী জানান, ডেমরার বড়ভাঙ্গা এলাকার তাপস (৩৮) এবং পূর্ব বক্সনগর এলাকার মো. মাসুদ রানাকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। মাসুদ রানা ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক।
মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সাহায্যে তাপসের সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত হওয়ার পর মঙ্গলবার (৩১ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে ডেমরা থানার সুলতানা কামাল সেতুর ঢাল এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার বরাবো শরীফ মেলামাইলন-সংলগ্ন এলাকায় জলিলের বাড়িতে অভিযান চালিয়ে মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে জলিলের বাড়ির একটি পরিত্যক্ত ঘরের কাঠের পাটাতনের ওপর থেকে একটি পুরোনো একনলা শর্টগান ও আট রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এরপর তাপস ও মাসুদ রানার দেওয়া তথ্য অনুযায়ী রূপগঞ্জের বরাবো এলাকায় তাপসের ভাড়া বাসায় অভিযান চালিয়ে দুটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি জব্দ করা হয়। মোট তিনটি আগ্নেয়াস্ত্র, দুটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।
পুলিশ সূত্র জানায়, গত ২৮ আগস্ট ভোরে ডেমরার সারুলিয়া এলাকায় মো. সেলিমের বাড়ি লক্ষ্য করে চারটি মোটরসাইকেলে করে আসা আটজন ব্যক্তি তিন রাউন্ড গুলি ছোড়ে। এতে বাড়ির দ্বিতীয় তলার একটি জানালার কাচ ভেঙে যায়। ওই ঘটনাস্থল থেকে দুটি পিস্তলের গুলির খোসা ও একটি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়েছিল। সম্প্রতি উদ্ধার হওয়া অস্ত্রগুলোর সঙ্গে ওই হামলার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্ত ঘটনায় অস্ত্র আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান ডিসি সামী।