নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে এসে ভিড়ে দুটি সোনার চেইন ছিনতাইয়ের শিকার হন বিবি ফাতেমা। পরে সন্দেহভাজন সিনারা বেগম নামের এক নারীর পেট থেকে এক্স-রে ও এন্ডোস্কোপির মাধ্যমে হারানো গয়নাগুলো উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে হাসপাতালের বহির্বিভাগে ডাক্তার দেখানোর জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন নোয়াখালী সদর উপজেলার দাদপুর ইউনিয়নের বিবি ফাতেমা। এই সময় একটি চোরচক্র কৌশলে তাঁকে ঘিরে ধরে এবং ধাক্কাধাক্কির মাধ্যমে তাঁর গলা থেকে এক ভরি ওজনের দুটি সোনার চেইন খুলে নিয়ে যায়। চুরির বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে চক্রের তিন সদস্য পালিয়ে যায়।

ঘটনাস্থলে ধরা পড়েন সিনারা বেগম (৫০)। তিনি জানান, তাঁর বাড়ি সিলেট জেলায়। প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য অনুযায়ী, আটকের পর স্থানীয় লোকজন তাঁর দেহ ও ব্যাগ তল্লাশি করলেও কোনো গয়না পাওয়া যায়নি। এরপর রহস্য উন্মোচনের লক্ষ্যে তাকে হাসপাতালের এক্স-রে বিভাগে নেওয়া হয়। এক্স-রে ফিল্মে স্পষ্ট দেখা যায়, চেইন দুটি গিলে ফেলেছেন ওই নারী। সেগুলোর অবস্থান তাঁর পেটের ভেতরে।

তাৎক্ষণিকভাবে ওই নারীকে পার্শ্ববর্তী ইবনে সিনা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসক রেজাউল ইসলাম পাটোয়ারীর তত্ত্বাবধানে এন্ডোস্কোপি করে সফলভাবে পেটের ভেতর থেকে চেইন দুটি উদ্ধার করা হয়। খবর পেয়ে সুধারাম মডেল থানা পুলিশের একটি দল দ্রুত হাসপাতালে পৌঁছে অভিযুক্ত নারীকে হেফাজতে নেয়।

সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান এ প্রসঙ্গে মুক্তকণ্ঠকে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক নারীকে নিজেদের হেফাজতে নিয়েছে। ভুক্তভোগী পরিবার সিদ্ধান্ত নিয়ে লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।