নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা সেজে এক নারীর গলার স্বর্ণ চেইন চুরি করে তা পেটে গিলে ফেলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের বহির্বিভাগে এই চুরির ঘটনাটি ঘটে। পরে স্থানীয়দের হাতে আটক অভিযুক্ত সিনারা বেগমকে (৫০) এক্সরে ও অ্যান্ডোস্কোপির মাধ্যমে তার পাকস্থলী থেকে চেইন দুটি উদ্ধার করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, সকালে নোয়াখালী সদর উপজেলার দাদপুর ইউনিয়নের বাসিন্দা বিবি ফাতেমা চিকিৎসকের দেখানোর জন্য হাসপাতালের বহির্বিভাগের লাইনে দাঁড়ান। এ সময় সিনারা বেগম ও তার সহযোগীরা ভিড়ের সুযোগ নিয়ে কৌশলে বিবি ফাতেমার গলার স্বর্ণ চেইনটি ছিনিয়ে নেন। বিষয়টি টের পেয়ে রোগী ও তাদের স্বজনরা হাতেনাতে সিনারা বেগমকে আটক করেন। এ সময় চক্রের অন্য তিন সদস্য দ্রুত পালিয়ে যান।

আটক নারীর দেহ তল্লাশি চালিয়েও চেইন পাওয়া না গেলে উপস্থিত জনতার সন্দেহ আরও বাড়তে থাকে। এরপর তাকে হাসপাতালের এক্সরে বিভাগে নেওয়া হলে রেডিওলজিতে তার পেটে চেইনটির অবস্থান নিশ্চিত হয়। পরে স্থানীয় ইবনে সিনা হাসপাতালে ভর্তি করিয়ে অ্যান্ডোস্কোপির মাধ্যমে তার পাকস্থলী থেকে স্বর্ণ চেইন দুটি সফলভাবে বের করে আনা হয়।

এ ঘটনায় সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান জানান, খবর পেয়ে পুলিশের একটি দল হাসপাতালে পৌঁছে আটক নারীকে হেফাজতে নিয়েছে। ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ বা মামলা করলে সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সিনারা বেগম সিলেট জেলার বাসিন্দা এবং তিনি একটি চোর চক্রের সক্রিয় সদস্য বলে ধারণা করা হচ্ছে।