ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন বা আইপিইউ-র মহাসচিব আন্দা ফিলিপ রাজধানীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সাথে বৈঠক করেছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আইপিইউর ১৩ দশকের ইতিহাসে প্রথম নারী মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য আন্দা ফিলিপকে অভিনন্দন জানান। সংসদীয় গণতন্ত্র, শান্তি, মানবাধিকার ও আন্তঃসংসদীয় সহযোগিতা বিকাশে আইপিইউর দীর্ঘস্থায়ী ভূমিকার তিনি প্রশংসা করেন।
সরকারের গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনরুদ্ধারে নেওয়া পদক্ষেপগুলো তিনি আইপিইউ প্রধানের কাছে তুলে ধরেন। অন্তর্ভুক্তিমূলক শাসন ও জবাবদিহিতা নিশ্চিতকরণে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। এছাড়া নারী ও কিশোরীদের বিরুদ্ধে ডিজিটাল হয়রানি, ভুল ও অপতথ্যের ঝুঁকি নিয়ে আলোচনা হয়। ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে সংসদীয় পর্যায়ে যৌথ প্রচেষ্টা বাড়ানোর আহ্বান জানান তিনি।
রোহিঙ্গা সংকটজনিত অগ্রহণযোগ্য পরিস্থিতির কথা উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ টানতে বৈশ্বিক পর্যায়ে সংসদীয় তৎপরতা তীব্র করার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত দেশে ফেরানোর বিষয়েও তিনি জোর দেন।
বৈঠকে আইপিইউ মহাসচিব আন্দা ফিলিপ গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণে সরকারের উদ্যোগগুলোকে স্বাগত জানিয়েছেন। সংসদীয় বিনিময়, অভিজ্ঞতা শেয়ার ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের সাথে আইপিইউর সহযোগিতা আরও গভীর করার প্রতিশ্রুতি দেন তিনি। তিনি বলেন, "এসব সহযোগিতার মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে।"