ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের খাবারের বগিতে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত রোববার রাতে সংঘটিত এই ঘটনায় ক্যান্টিনবয় আবু বক্কর সিদ্দিককে (২২) গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। তিনি নাটোরের আবদুলপুর এলাকার বাসিন্দা।

মামলার এজাহার ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ সদর এলাকার ৪৪ বছর বয়সী ওই নারী গত রোববার রাতে রাজধানীর বিমানবন্দর স্টেশন থেকে কুড়িগ্রাম এক্সপ্রেসে ওঠেন। ট্রেনটির সিরাজগঞ্জে যাত্রাবিরতি না থাকায় তিনি পার্বতীপুর স্টেশনে নেমে আত্মীয়দের বাড়িতে যাওয়ার পরিকল্পনা করেন। অভিযোগ অনুযায়ী, ট্রেনটি সিরাজগঞ্জ স্টেশন পার হওয়ার পর নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্য তাঁকে দেহ তল্লাশির কথা বলে খাবারের বগিতে নিয়ে যান। সেখানে তারা তাঁর শ্লীলতাহানি করলে খাবারের বগির ক্যান্টিনবয় আবু বক্কর সিদ্দিক তাঁকে ধর্ষণ করেন।

ঘটনার পরপরই ওই নারী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে সাহায্য চান। খবর পেয়ে চলন্ত ট্রেন থেকেই রেলওয়ে পুলিশের সান্তাহার থানার একটি দল ক্যান্টিনবয় আবু বক্করকে আটক করে। আজ মঙ্গলবার সান্তাহার জিআরপি থানায় এ বিষয়ে মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী। মামলায় ক্যান্টিনবয়সহ ট্রেনে নিরাপত্তার দায়িত্বে থাকা অজ্ঞাতপরিচয় দুই পুলিশ সদস্যকেও আসামি করা হয়েছে। গ্রেপ্তার ক্যান্টিনবয়কে আদালতে পাঠানো হয়েছে।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি বলেন, "মামলায় নিরাপত্তার দায়িত্বে থাকা অজ্ঞাতপরিচয় দুই পুলিশ সদস্যকেও আসামি করা হয়েছে। ওই দুই পুলিশ সদস্য এ ঘটনায় জড়িত কি না—তা তদন্ত করা হচ্ছে। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ওই নারীর স্বাস্থ্য পরীক্ষা হয়েছে।"