নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের তিন থানার সীমান্তবর্তী চরাঞ্চলে ভূমিদস্যুতা, নদীপথে চাঁদাবাজি ও ইটভাটা বন্ধ করে দেওয়ার অভিযোগে চিহ্নিত চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ফতুল্লার স্থানীয় পাঁচ পঞ্চায়েতের ভুক্তভোগীরা। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার বক্তাবলী ইউনিয়নের প্রতাপনগরের আনন্দবাজার এলাকায় এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মুক্তার হোসেন বলেন, "সীমান্ত এলাকায় প্রায় ৪০ থেকে ৫০টি ইটভাটা রয়েছে। বিগত বছরগুলোতে ইটভাটা মালিকদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা আদায় করা হলেও চলতি বছরে অনেকেই চাঁদা দিতে অস্বীকৃতি জানান। এর জেরে কয়েকটি ইটভাটার কার্যক্রম ও মাটি পরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। তা ছাড়া নদীপথে চলাচলকারী প্রতিটি বাল্কহেড ও ট্রলার থেকে দৈনিক দুই থেকে তিন হাজার টাকা করে চাঁদা আদায় করছে চক্রটি।"
একই অনুষ্ঠানে বক্তাবলী ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, "চলতি বছর চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তাঁর ইট বিক্রি ও মাটি পরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। উল্টো তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে পুলিশে সোপর্দ করা হলে পরে তিনি আদালত থেকে জামিন পান। পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেন এই ভুক্তভোগী।"
উপস্থিত বক্তারা আরও জানান, অভিযুক্ত জয়নাল এবং তার দুই ছেলে আলমগীর ও জাহাঙ্গীরের পরিবারের বিরুদ্ধে অতীতে হত্যা, গুম ও মারধরের মতো গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। বর্তমানে চাঁদাবাজি ও হুমকির কারণে এলাকার ইটভাটা মালিক ও ব্যবসায়ীরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। ব্যবসা-বাণিজ্যের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এসব অভিযোগের বিষয়ে জয়নাল, আলমগীর ও জাহাঙ্গীরের তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে যুক্ত করা হবে।