নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গভীর রাতে ফতুল্লার ইসদাইর এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিষয়টি মুক্তকণ্ঠকে নিশ্চিত করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক দুইটার দিকে রতন মিয়ার মালিকানাধীন ‘রতন ডাইং’ কারখানায় বিকট শব্দে বয়লার বিস্ফোরণ হয়। শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান এবং রঞ্জিত ও পাশা নামে দুই শ্রমিককে দগ্ধ অবস্থায় উদ্ধার করেন।
পরে তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কারখানার মালিক আব্দুল বাসেত ওরফে রতনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, দগ্ধদের মধ্যে পাশার শরীরের ৮৭ শতাংশ এবং রঞ্জিতের শরীরের ৫২ শতাংশ পুড়ে গেছে। তাদের হাসপাতালে ভর্তি রেখে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে।