নারায়ণগঞ্জের ফতুল্লায় এক মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিতে আসা ৯৪ জন শিক্ষার্থীর মধ্যে ৮৫ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে সেখানে আরও ৯ জন শিক্ষার্থী চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে দুজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন এবং একজনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
গতকাল বুধবার বিকেলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) সুলতান মাহমুদ শিকদার এই তথ্য জানান। তিনি বলেন, “অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ৯৪ শিক্ষার্থী চিকিৎসার জন্য ইনস্টিটিউটে এসেছিল। তাদের মধ্যে প্রথমে ৭৬ জনকে ছাড়পত্র দেওয়া হয়। তখন ভর্তি ছিল ১৮ জন। পরে আরও ৯ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।”
অন্যদিকে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনের লক্ষ্যে গঠিত তদন্ত কমিটির সদস্যরা বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেন। ফতুল্লার শান্তিধারা আবাসিক এলাকায় অবস্থিত জামিয়া আশরাফিয়া মাদ্রাসা পরিদর্শনের সময় তাঁরা মাদ্রাসা কর্তৃপক্ষ এবং স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন। পাশাপাশি প্রতিষ্ঠানের বিভিন্ন সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করেন তদন্ত কমিটির সদস্যরা।
তদন্ত কমিটির আহ্বায়ক ও নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী নূর খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদ্রাসাটিতে অগ্নিনির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা ও অগ্নিনির্বাপক যন্ত্র না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।
তদন্ত কমিটিকে তিন দিনের মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে আলী নূর খান বলেন, “ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অগ্নিনির্বাপণব্যবস্থা নিশ্চিত করতে সাধারণ নির্দেশনা জারি করা হবে। ফায়ার সার্ভিসের সহযোগিতায় নিয়মিত অগ্নিনির্বাপণ প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিরাপত্তাব্যবস্থা তদারকি করা হবে।”
উল্লেখ্য, গত সোমবার রাত দেড়টার দিকে জামিয়া আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দোতলায় অবস্থিত লাইব্রেরিতে আগুন ধরে। আগুন দ্রুত পাশের ইফতা বিভাগের কক্ষে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুনের তীব্র ধোঁয়ায় মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছিলেন।