নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার সাইনবোর্ড সংলগ্ন জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ৮৮ জন শিক্ষার্থী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসাধীনদের মধ্যে ৫৩ জনের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে এখনো ৩৫ জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি রয়েছেন।

আজ মঙ্গলবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, “যেসব শিক্ষার্থীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে। যারা ভর্তি রয়েছে, তাদের চিকিৎসা চলছে।”

ডা. সুলতান আরও জানান, ভর্তি থাকা শিক্ষার্থীদের মধ্যে চারজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউতে রেখে পর্যবেক্ষণ ও চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে একজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের সহায়তার জন্য মেকানিক্যাল ভেন্টিলেটরে রাখা হয়েছে।

আবাসিক সার্জন আরও উল্লেখ করেন যে, কোনো শিক্ষার্থীর শরীরে দগ্ধ হওয়ার দৃশ্যমান চিহ্ন পাওয়া যায়নি। মূলত বিষাক্ত ধোঁয়ার কারণে তারা অসুস্থ হয়ে পড়েছেন এবং তাদের শ্বাসনালি আক্রান্ত হয়েছে। হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের সেবা প্রদান করছেন। পাশাপাশি শিক্ষার্থীদের সার্বিক চিকিৎসা নিশ্চিত করতে দুটি আলাদা মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

ঘটনার বিবরণ অনুযায়ী, গতকাল সোমবার দিবাগত রাত একটার দিকে জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় আগুন লাগে। হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেওয়া তথ্যানুসারে, মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত লাইব্রেরি ও অফিসকক্ষে আগুনের সূত্রপাত হয়। ওই ভবনে রাতে প্রায় ২৫০ জন শিক্ষার্থী অবস্থান করছিল। প্রায় চার হাজার বর্গফুট আয়তনের ওই দুটি কক্ষে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

খবর পাওয়ার পরপরই কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের তিনটি এবং শিবু মার্কেট মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন লাগার পরপরই ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সিঁড়ি দিয়ে নিচে নামার সময় ঘন ধোঁয়ায় দম বন্ধ হয়ে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে রাতেই তাদের চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। তবে আগুনের প্রকৃত কারণ সম্পর্কে শিক্ষার্থীরা নিশ্চিত করে কিছু জানাতে পারেননি।

বার্ন ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, ধোঁয়ায় অসুস্থ হয়ে আইসিইউতে চিকিৎসাধীন শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন আজিজুল ইসলাম সিয়াম (১৪), মো. খায়রুল (২০), ইউসুফ (১৮) ও জোবায়ের পাঠান (১৮)। এদের মধ্যে ১৪ বছর বয়সী কিশোর আজিজুলকে ভেন্টিলেটরের সহায়তা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার দুপুরে বার্ন ইনস্টিটিউটে সরেজমিনে দেখা যায়, আজিজুলের মা সোনিয়া আক্তার আইসিইউর বাইরে বসে ছেলের সুস্থতার জন্য দোয়া করছেন এবং কান্নায় ভেঙে পড়ছেন। তিনি মুক্তকণ্ঠকে বলেন, “আমার একমাত্র সন্তান। প্রথম সন্তান হিসেবে ওকে কোরআনে হাফেজ বানাতে চেয়েছিলাম। এ জন্য বাড়ির পাশেই জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় ভর্তি করি। সিয়াম ১৪ বছর বয়সেই হাফেজ হয়েছে। আল্লাহর কিতাব পড়েছে। আল্লাহ তোমার কাছে দোয়া চাই; ও তোমার কিতাব পড়ছে, তুমি রহম করলে আমার ছেলেটা আবার সুস্থ হয়ে উঠবে।”

সোনিয়া আক্তার জানান, তাঁদের বাড়ি থেকে মাদ্রাসার দূরত্ব মাত্র দুই থেকে তিন মিনিটের হাঁটাপথ। রাতে আগুন লাগার সময় তিনি ঘুমাচ্ছিলেন। চারদিকের চিৎকার ও শোরগোল শুনে তাঁর ঘুম ভাঙে।

তিনি আরও জানান, তাঁর ছেলেকে আইসিইউতে মুখে অক্সিজেন নল লাগিয়ে রাখা হয়েছে। তিনি কিছুক্ষণ পরপরই ছেলের অবস্থা দেখে আসছেন। আজিজুলের বাবা সৌদিপ্রবাসী; গত মাসের ৪ তারিখে তিনি কর্মস্থলে ফিরে গেছেন। একমাত্র ছেলের এই করুণ পরিস্থিতির পর তিনি বিদেশ থেকে বারবার ফোন করে খোঁজ নিচ্ছেন; কিন্তু স্বামীকে ঠিক কী জবাব দেবেন তা ভেবে পাচ্ছেন না এই অসহায় মা।