নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় একটি জুতার কারখানা এবং পুরোনো কাপড়ের মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটেছে বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত সোয়া ৩টার দিকে। সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের পাগলা রেলস্টেশন এলাকায় প্যারাডাইস সিটি সংলগ্ন পদ্মা সেতু রেলওয়ের পিলারের পাশে অবস্থিত ওই মার্কেট ও কারখানায় আগুনের সূত্রপাত হয়।
অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল আল আরেফিন।
তিনি জানান, রাত ৩টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফতুল্লার দাপা ফায়ার স্টেশন থেকে দ্রুত দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছে আগুন নেভানোর তৎপরতা শুরু করেন। একপর্যায়ে ফায়ার সার্ভিসের গাড়ির পানি শেষ হয়ে যাওয়ায় পাশের একটি পুকুর থেকে পানি সংগ্রহ করে আগুন নিয়ন্ত্রণের কার্যক্রম চালানো হয়। দীর্ঘ প্রচেষ্টার পর তারা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্যানুযায়ী, রাত আনুমানিক ৩টার দিকে গোডাউন ও মার্কেট এলাকায় আগুনের লেলিহান শিখা দেখতে পান আশপাশের লোকজন। এরপর তারা দ্রুত ফতুল্লা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে বিষয়টি অবহিত করেন। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল আল আরেফিন আরও বলেন, “অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিনি নিজে এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষ করতে দুই থেকে তিন দিন সময় লাগতে পারে। তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।”