নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডের ফলে সৃষ্ট বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ৬৩ জন ছাত্রকে চিকিৎসার জন্য রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে অনেকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালের আবাসিক সার্জন সুলতান মাহমুদ শিকদার আজ মঙ্গলবার সকালে মুক্তকণ্ঠকে বলেন, “আহত শিক্ষার্থীদের চারজনের অবস্থা গুরুতর। এর মধ্যে একজন লাইফ সাপোর্টে আছে।”
প্রাথমিকভাবে জানা গেছে, মাদ্রাসার ভেতরে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত ছড়িয়ে পড়ায় শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। ধোঁয়ার কারণে শ্বাসকষ্টসহ বিভিন্ন সমস্যায় আক্রান্ত হয়ে তারা অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে চিকিৎসকরা তাদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করছেন এবং তাদের অবস্থার ওপর কড়া নজর রাখা হচ্ছে।