নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি আবাসিক ভবনের ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) ভোরে পশ্চিম মাসদাইর এলাকার আসলাম মিয়ার চারতলা ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে ফ্ল্যাটের দরজা-জানালা উড়ে গেছে, আগুন ধরেছে ঘরের আসবাবপত্রেও।

দগ্ধরা হলেন শাহীন আলম (৩০), তার স্ত্রী লিমা আক্তার (২৬), সাহেদ আলী (২৫) ও মো. হোসেন (২৪)। শাহীন ও সাহেদ সম্পর্কে ভাই। তাদের বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার কুমারপাড়া এলাকায়। অন্যদিকে লিমা ও হোসেনের বাড়ি নীলফামারীর সৈয়দপুরে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্ল্যাটটির দরজা-জানালা বন্ধ ছিল। রাতে গ্যাস সরবরাহ না থাকলেও চুলার সংযোগের সুইচ খোলা ছিল। পরে রাতে গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে তা ঘরের ভেতরে ছড়িয়ে জমতে থাকে। ভোরে রান্নার জন্য চুলা জ্বালাতে গেলে মুহূর্তেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ফ্ল্যাটের দরজা-জানালা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ঘরের বিভিন্ন আসবাবপত্রে আগুন ধরে যায়। পরে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং দগ্ধ চারজনকে উদ্ধার করেন।

পরে তাদের প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আব্দুল আল আরেফিন মুক্তকণ্ঠকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের লাইনের রাইজারের সুইচ খোলা থাকলেও রাতে গ্যাস সরবরাহ ছিল না। পরে হঠাৎ গ্যাস সরবরাহ শুরু হলে বন্ধ দরজা-জানালার কারণে তা ফ্ল্যাটের ভেতরে জমে যায়। সকালে চুলায় আগুন জ্বালাতে গেলে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একজন নারী ও তিনজন পুরুষসহ মোট চারজন দগ্ধ হয়েছেন। তাদের সবাইকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত শেষে বিস্ফোরণের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।