ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি আন্দা ফিলিপ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন।

বৈঠকে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র, নির্বাচিত জাতীয় সংসদের কার্যক্রম এবং নারীর ক্ষমতায়নসহ বহুবিধ বিষয়ে আলোচনা হয়। আইপিইউ সেক্রেটারি বক্তব্য রাখেন, “সংসদ নেতা প্রধানমন্ত্রী নিয়মিত জাতীয় সংসদ অধিবেশনে অংশগ্রহণ করছেন এটা সংসদীয় গণতন্ত্রের প্রতি তার দৃঢ় অঙ্গীকারের শক্তিশালী বার্তা বহন করে।”

উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, বৈঠকে প্রধানমন্ত্রী গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রাম, ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম-হত্যা, ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা ও নিপীড়নের কথা তুলে ধরেন। তিনি বলেন, দীর্ঘ সংগ্রামের পর গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে আমরা (বিএনপি) দেশে গণতান্ত্রিক ধারাকে সুগম করতে পেরেছে। বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্রও আমাদের দলের হাত ধরে এসেছে। গণতন্ত্র নিয়ে মানুষের প্রত্যাশা অনেক। আমরা বিশ্বাস করি, একটি কার্যকর ও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই দেশের টেকসই অগ্রগতি ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। দেশে প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার রক্ষা এবং জনগণের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

আইপিইউ সেক্রেটারি বিএনপির নির্বাচনি ইশতেহার পাঠ করে শিক্ষা খাতের উদ্যোগ ও কমিউনিটিভিত্তিক কর্মসূচির প্রশংসা করেন। তিনি মনে করেন, সংসদীয় গণতন্ত্রের ধারা অব্যাহত থাকলে জনগণের মধ্যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি আস্থা আরও শক্তিশালী হবে। বৈঠকে আইপিইউ বাংলাদেশ জাতীয় সংসদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা জোরদার করতে আগ্রহ প্রকাশ করে। তানজানিয়ায় অনুষ্ঠিতব্য আইপিইউর ১৫৩তম সম্মেলনে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারের অংশগ্রহণের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তিনি। গণতন্ত্রকে কার্যকর ও টেকসই করতে নাগরিক সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন আইপিইউ সেক্রেটারি।

নারীর ক্ষমতায়ন নিয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রী এ বিষয়টিকে তার সরকারের অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন। অনার্স পর্যন্ত বিনামূল্যে শিক্ষা, নারী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি চালু এবং ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের আর্থিক স্বাবলম্বী করার লক্ষ্য সরকার গ্রহণ করেছে বলে তিনি জানান।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির ও প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।