নোয়াখালী সদর উপজেলায় ময়লা ফেলা নিয়ে বিরোধের জেরে দুবাইপ্রবাসী এক যুবকের বিয়ের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে ওই পরিবারের নারী ও শিশুসহ আটজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে দুবাইপ্রবাসী রাজু হোসেন বিষয়টি নিশ্চিত করেন। জানা যায়, সোমবার দুপুরে বাড়ির আশপাশে ময়লা ফেলা নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে বিয়ের অনুষ্ঠানের লোকজনের কথা-কাটাকাটি হয়। কিছুক্ষণ পর প্রতিপক্ষের লোকজন বাড়ির সামনে জড়ো হলে বিয়ের বাড়ির লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে দুই পক্ষকে বুঝিয়ে শান্ত করে এবং বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিষয়টি মীমাংসার সিদ্ধান্ত নিয়ে চলে যায়। তবে বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পর বিকেলে দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের লোকজন বাড়িতে হামলা চালায়।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করেন, হামলাকারীরা ঘরে ঢুকে নারী, পুরুষ ও শিশুদের ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠি দিয়ে মারধর ও কুপিয়ে আহত করে। এ সময় বিয়ের গেট ও প্যান্ডেল ভাঙচুর করা হয়। তারা আরও দাবি করেন, হামলাকারীরা ঘর থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে।
আহতরা হলেন দুবাইপ্রবাসী রাজু হোসেনের বাবা আবদুল হক মাস্টার (৭০), মা ফেরদৌসী বেগম (৫৫), ছোট ভাই আজাদ হোসেন (২০), বড় বোন সুমি (২৮), শারমিন (২৬), ভাগনে রাফসান (৮), ভাগনি আয়েশা (৪) ও লিজা (২)। আহতদের মধ্যে রাজুর বাবা, মা, ভাই ও দুই বোনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. শাহরিয়ার জানান, সোমবার রাত আটটার দিকে গুরুতর আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুই নারী ও দুই পুরুষকে আন্তবিভাগে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। আরেকজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত ব্যক্তিরা বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানান তিনি।
হামলাকারীরা আহতদের হাসপাতালে যেতে বাধা দিলে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। বিষয়টি নিয়ে দুবাইপ্রবাসী রাজু হোসেন বলেন, "আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও হামলাকারীদের বিচার চাই।"
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতির মধ্যে ময়লা ফেলা নিয়ে বিরোধের জেরে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।