রাজবাড়ী শহরের বড় বাজারে পুলিশের উপস্থিতিতে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানাকে মারধরের ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতদের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন রাজবাড়ী পৌরসভার ধুঞ্চি ১ নম্বর ওয়ার্ডের মৃত জমজম খানের ছেলে আব্দুল্লাহ আল সিয়াম খান (১৯), একই ওয়ার্ডের ধুঞ্চি ২৮ কলোনি এলাকার মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. রুবেল হোসেন (১৯) এবং পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ধুঞ্চি গ্রামের আব্দুল জলিলের ছেলে মো. হেলাল উদ্দিন (৩৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, জাকিয়া সুলতানা বাদী হয়ে সোমবার দিবাগত রাতে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহার অনুযায়ী, জাকিয়া সুলতানা রাজবাড়ী বড় বাজারের কাদেরিয়া সুপার মার্কেটের তৃতীয় তলায় ‘আস্থা পোশাক শিল্প গার্মেন্টস’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন। তার প্রতিষ্ঠানের এক কর্মচারী চাকরি ছাড়ার পর বেতন ও মালামালের হিসাব নিয়ে বিরোধ তৈরি হয়। এই বিরোধের জেরে গত ২৩ আগস্ট ওই কর্মচারী ১৫ থেকে ২০ জন লোক নিয়ে প্রতিষ্ঠানে গিয়ে বেতন দাবি করেন এবং জাকিয়া সুলতানাকে হুমকি দেন।

রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ বলেন, "নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানা থানায় মামলা করেছেন। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হবে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।"

এর আগে, গত শনিবার (২৯ আগস্ট) দুপুরে রাজবাড়ী শহরের বড় বাজারে জাকিয়া সুলতানাকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, সদর থানা-পুলিশের উপস্থিতিতে এক নারী পুলিশ সদস্য জাকিয়া সুলতানাকে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছেন। এ সময় পেছন থেকে এক যুবক এসে তাকে লাথি মারেন এবং পরে আরও কয়েকজন যুবক তাকে মারধর ও লাথি দিতে থাকেন।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। একই সঙ্গে কিছু বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে, যেখানে জাকিয়া সুলতানাকে ম্যাজিস্ট্রেট এবং ঘটনাটিকে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের অংশ হিসেবে দাবি করা হয়। তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসব দাবি সঠিক নয়।