বাংলাদেশের গরম ও আর্দ্র আবহাওয়ায় ধুলা, ময়লা, ঘাম, পানি ও অতিরিক্ত তাপের প্রভাবে চামড়ার ব্যাগের স্বাভাবিক সৌন্দর্য দ্রুত নষ্ট হতে পারে। প্রাকৃতিক উপাদানে তৈরি হওয়ায় এর যত্নও আবহাওয়া ও ব্যবহারের ধরন অনুযায়ী পরিবর্তনশীল। বিষয়টি নিয়ে সঠিক নির্দেশনা দিয়েছেন দেশীয় ব্যাগ ব্র্যান্ড কালিন্দীর প্রতিষ্ঠাতা মুনিয়া জামান।
নিয়মিত ব্যবহারের পর ব্যাগ পরিষ্কার রাখা অপরিহার্য। ধুলা, ময়লা বা ঘামের দাগ জমলে নরম সুতি কাপড় দিয়ে আলতো করে মুছে ফেলতে হবে। চামড়ার মসৃণতা বা ফিনিশিং ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য জোরে ঘষাঘষি করা থেকে বিরত থাকতে হবে। একইসাথে অতিরিক্ত পানি বা অজানা কোনো রাসায়নিক পরিষ্কারক ব্যবহার না করাই উত্তম, কারণ সব ধরনের চামড়ার জন্য পরিষ্কারের একই পদ্ধতি প্রযোজ্য নয়। প্রস্তুতকারকের দেওয়া নির্দেশনা থাকলে তাই অগ্রাধিকার পেতে পারে।
গরমে ঘাম, ধুলা ও তীব্র তাপ চামড়ার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই ব্যবহারের পর নরম ও শুষ্ক সুতি কাপড় দিয়ে আলতো করে মুছে রাখা ভালো। দীর্ঘক্ষণ সরাসরি রোদে বা উষ্ণ স্থানে, বিশেষ করে গাড়ির ভেতরে বা বদ্ধ অবস্থায় ব্যাগ রাখা থেকে বিরত থাকা উচিত। এতে চামড়া শুকিয়ে যাওয়া, শক্ত হয়ে যাওয়া বা রং পরিবর্তনের ঝুঁকি কমে।
বর্ষায় বৃষ্টির পানিতে ভিজে গেলে দ্রুত পানি সরানো জরুরি। টিস্যু বা নরম সুতি কাপড় দিয়ে আলতো করে পানি শোষণ করতে হবে, তবে ঘষে মোছা যাবে না। এরপর ব্যাগটি প্রাকৃতিকভাবে বাতাসে শুকাতে দিন। রোদ, হেয়ার ড্রায়ার, হিটার বা অন্য কোনো সরাসরি তাৎক্ষণিক তাপের উৎস ব্যবহার করা উচিত নয়। অতিরিক্ত তাপে চামড়া দ্রুত শুকিয়ে শক্ত হয়ে যায় এবং এর স্বাভাবিক গঠন ও মসৃণতা নষ্ট হয়।
বর্ষায় শুধু বৃষ্টির পানিই নয়, বাতাসের অতিরিক্ত আর্দ্রতাও চামড়ার ব্যাগের জন্য সমস্যা তৈরি করে। চামড়া বাতাস থেকে আর্দ্রতা শোষণ করতে পারে বলে দীর্ঘ সময় বদ্ধ ও স্যাঁতসেঁতে জায়গায় রাখলে দুর্গন্ধ, স্যাঁতসেঁতে ভাব বা ছত্রাকের সমস্যা দেখা দিতে পারে। তাই ব্যবহারের পর এমন স্থানে রাখতে হবে যেখানে বাতাস চলাচল করে এবং আর্দ্রতা জমে না।
শীতের শুষ্ক আবহাওয়ায় চামড়া তার স্বাভাবিক আর্দ্রতা হারিয়ে ধীরে ধীরে শুষ্ক, শক্ত বা মলিন হয়ে পড়ে। চামড়া শুষ্ক হলে বা উজ্জ্বলতা কমলে প্রয়োজন অনুযায়ী উপযুক্ত চামড়ার ক্রিম বা কন্ডিশনার ব্যবহার করা যায়। এটি নির্দিষ্ট সময় পরপর লাগাতে হয় না, বরং ব্যাগের অবস্থা বুঝে প্রয়োজনে ব্যবহার করাই শ্রেয়। নতুন কোনো ক্রিম বা কন্ডিশনার ব্যবহারের আগে ব্যাগের এমন কোনো অংশে অল্প পরিমাণ লাগিয়ে পরীক্ষা করে নিতে হবে, যা সহজে চোখে পড়ে না। এতে ব্যাগের রং বা গঠনে কোনো পরিবর্তন হচ্ছে কি না, বোঝা যাবে। সরাসরি হাত দিয়ে না লাগিয়ে নরম কাপড় বা ফোমের মাধ্যমে পুরো ব্যাগে ব্যবহার করলে আবার আগের মতো চকচক করবে।
কোনো ব্যাগ দীর্ঘদিন ব্যবহার না করলে সেটি খালি করে পরিষ্কার এবং সম্পূর্ণ শুকনা অবস্থায় সংরক্ষণ করতে হবে। আকৃতি ঠিক রাখতে ব্যাগের ভেতরে টিস্যু বা কাগজ দিতে হবে, এতে ভাঁজ পড়ে যাওয়ার ঝুঁকিও কমে। দীর্ঘদিনের জন্য প্লাস্টিকের বদ্ধ ব্যাগে চামড়া সংরক্ষণ করা উচিত নয়, এতে ছত্রাকের সংক্রমণ হতে পারে। তাই ব্রিদেবল ডাস্ট ব্যাগ, অর্থাৎ বাতাস চলাচল করতে পারে, এমন ব্যাগে সংরক্ষণ করা ভালো। এরপর শুষ্ক ও বাতাস চলাচল করে, এমন জায়গায় ব্যাগটি রাখতে হবে। দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করলেও ব্যাগে আর্দ্রতা, দাগ বা ছত্রাকের কোনো লক্ষণ আছে কি না, সেই দিকে নজর রাখা ভালো।