গাইবান্ধায় জেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রনজিত বকশি সূর্যকে (৬৮) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
সোমবার (৩১ আগস্ট) রাতে গাইবান্ধা শহরের ভি-এইচ রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি গাইবান্ধা সদর উপজেলার মাস্টারপাড়া এলাকার মৃত রবীন্দ্র বকশির ছেলে।
ডিবি পুলিশের পরিচালিত অভিযানে এই গ্রেপ্তার নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলা ডিবি'র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মুত্তালিব। তিনি জানান, রাতে বিশেষ অভিযান চালিয়ে সূর্যকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
গাইবান্ধা সদর থানার ওসি নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামির বিরুদ্ধে বিএনপি কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের সুনির্দিষ্ট মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর তাকে আটক করা হলো। তার বিরুদ্ধে আরও একাধিক মামলা চলমান রয়েছে। আজ মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে।