চাঁদপুরের হাইমচরে তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি মো. জসিম উদ্দিনকে (ওরফে কানা জসিম) ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

হাইমচর থানাধীন দক্ষিণ আলগী এলাকার হাইমচর পল্লী বিদ্যুৎ সাবস্টেশন অফিস থেকে টেককান্দি যাওয়ার পথে ইব্রাহিম ভূঁইয়া বাড়ির সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে জসিম উদ্দিনকে আটক করে দেহ তল্লাশি করা হয়। পরে তার পরিহিত লুঙ্গির পেছনের কোঁচায় সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। হাইমচর থানার ওসির নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা, প্রিয়লাল ঘোষ, সৌরভ দাশ ও সহকারী উপপরিদর্শক (এএসআই) হান্নান উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করেন।

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, জসিম উদ্দিন হাইমচর থানার একটি হত্যা মামলার এজাহারনামীয় আসামিও। গত ১৯ আগস্ট দায়েরকৃত ওই মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এ ছাড়া চুরি, ডাকাতি, মাদক ও দস্যুতাসহ মোট ১৫টি মামলায় তার নাম রয়েছে। তিনি দক্ষিণ আলগী এলাকার ইব্রাহিম ভূঁইয়া বাড়ির আনোয়ার হোসেনের ছেলে। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে.