প্রয়াত জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর স্মরণে ঢাকার ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) গত শনিবার আয়োজন করা হয় আইসিপিসি-জেআরসি আন্তকলেজ ও আন্তইউএপি প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৬। ইউএপির প্রোগ্রামিং কনটেস্ট ক্লাব (পিসিসি) ও কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীসহ মোট ২৭০ জন অংশগ্রহণ করেন।
চার ঘণ্টাব্যাপী এই প্রতিযোগিতা আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতার (আইসিপিসি) আদলে অনুষ্ঠিত হয়। প্রতিযোগীরা বিভিন্ন প্রোগ্রামিং সমস্যার সমাধান করেন। ফলাফল তাৎক্ষণিকভাবে দেখার জন্য স্কোরবোর্ড ব্যবস্থা রাখা হয়েছিল। প্রতিযোগিতার পৃষ্ঠপোষক ছিলেন সাউথইস্ট ব্যাংক পিএলসি ও ইনোভেটিভ স্কিলস লিমিটেড।
আন্তকলেজ বিভাগে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের ‘দেশ’ দল চ্যাম্পিয়ন হয়। ১০টি সমস্যা সমাধান করে তারা ২১ হাজার টাকার পুরস্কার লাভ করে। কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকার ‘ওয়ালিজামানী’ দল ৭টি সমস্যার সমাধান করে প্রথম রানার-আপ হয় এবং ১৮ হাজার টাকা পুরস্কার পায়। সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ‘সুগোই দেশু নে’ দল ৬টি সমস্যা সমাধান করে দ্বিতীয় রানার-আপ হিসেবে ১৫ হাজার টাকা পুরস্কার লাভ করে।
ইউএপি শিক্ষার্থীদের আন্তইউএপি প্রতিযোগিতার সিনিয়র বিভাগে ‘ইউএপি_করুটিন’ দল চ্যাম্পিয়ন হয়। ৩টি সমস্যা সমাধান করে তারা ১২ হাজার টাকা পুরস্কার পায়। ‘কম্পাইলার_ক্রু’ দল ২টি সমস্যা সমাধান করে প্রথম রানার-আপ এবং ‘দে_কিছু_একটা’ দল ১টি সমস্যা সমাধান করে দ্বিতীয় রানার-আপ হয়। জুনিয়র বিভাগে ‘দেখি!!’ দল ৫টি সমস্যা সমাধান করে চ্যাম্পিয়ন হয়। ‘রিজকো’ (৫টি) ও ‘অ্যালগরিদম_অ্যাভেঞ্জার্স’ (৪টি) যথাক্রমে প্রথম ও দ্বিতীয় রানার-আপ হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএপির ট্রাস্টি বোর্ড চেয়ারপারসন কে এম মোজিবুল হক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত ড. জামিলুর রেজা চৌধুরীর স্ত্রী সেলিনা নওরোজ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএপির ট্রাস্টি বোর্ড সদস্য ড. মোহাম্মদ আলাউদ্দিন, জামিলুর রেজা চৌধুরীর মেয়ে অধ্যাপক কারিশমা চৌধুরী, ইউএপির প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক জি. আর. আহমেদ জামাল, নর্থ সাউথ ইউনিভার্সিটির ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আবুল লাইস এম এস হক, ব্র্যাক ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশিষ্ট অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি মুনির হাসান এবং সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকার ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ সালমা বেগম। অনুষ্ঠানের প্রোগ্রাম চেয়ার ছিলেন ইউএপির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহিউদ্দিন আহমেদ ভূঁইয়া। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএপির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও প্রতিযোগিতার পরিচালক অধ্যাপক নাসিমা বেগম।
বাংলাদেশে প্রতিযোগিতামূলক প্রোগ্রামিংয়ের বিকাশে ড. জামিলুর রেজা চৌধুরীর অবদান স্মরণে ও তাঁর আদর্শ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই আয়োজন। আইসিপিসি ফাউন্ডেশন ইউএপিকে ৫০ হাজার মার্কিন ডলারের তহবিল দান করায় আইসিপিসি-জামিলুর রেজা চৌধুরী বৃত্তির নীতিমালা প্রণয়ন করা হয়। প্রতি সেমিস্টারে ১০ জন শিক্ষার্থীকে বৃত্তির জন্য নির্বাচিত করা হয়। গত শনিবারই বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। ফল ২০২৪ ও স্প্রিং ২০২৫—দুই সেমিস্টারে আইসিপিসি-জেআরসি বৃত্তি প্রদান করা হয়েছে। মোট ২০ শিক্ষার্থী এ বৃত্তি পেয়েছেন।