সিলেট নগরের উপশহর এলাকা থেকে মানবাধিকার সংগঠনের কর্মী মিনহাজ সামাদ চৌধুরী (৫১) নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় তার পরিবার রোববার (৩০ আগস্ট) রাতে থানায় সাধারণ ডায়েরি করেছে।
শাহজালাল উপশহরের বি-ব্লকে বসবাসকারী মিনহাজ সামাদ চৌধুরীর পিতা এ এস সামাদ চৌধুরী। পেশাগতভাবে তিনি ইন্ডিপেন্ডেন্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার সংস্থায় যুক্ত ছিলেন এবং নিজস্ব ব্যবসাও পরিচালনা করতেন। পরিবারের তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যা ছয়টার দিকে ঘর থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। স্ত্রী শারমিন বেগম ও অন্যান্য স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাননি।
নিখোঁজের স্ত্রী শারমিন বেগম জিডিতে বলেন, "মিনহাজ অফিসের কাজের বিষয়ে আমাদের কিছু বলতেন না। শনিবার সন্ধ্যার দিকে মিনহাজ বাসা থেকে বের হন। তারপর আমরা কোনো খোঁজ পাইনি। রোববার রাতে থানায় ডিজি করেছি। এখনও কোনো খোঁজ পাইনি।"
মিনহাজের এক পরিচিত ব্যক্তি জানান, শিবগঞ্জ মনিপুরী পাড়ায় জমি সংক্রান্ত একটি বিরোধে এবং ব্যবসায়িক জটিলতায় তার নাম জড়িয়ে থাকতে পারে। তবে এসব কারণে কি তিনি স্বেচ্ছায় নিখোঁজ হয়েছেন, তা নিশ্চিত করা সম্ভব নয়। এই বিষয়ে পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করার প্রস্তাব চলছে এবং তারা দ্রুত তার সন্ধান চাইছেন।
বিষয়টি নিশ্চিত করে সিলেটের শাহপরান (রহ.) থানার শাহজালাল উপশহর পুলিশ ফাঁড়ির এসআই শোভন রায় জানান, নিখোঁজ মিনহাজের সবশেষ লোকেশন উপশহর এলাকায় দেখাচ্ছে। তার ব্যবহৃত মোবাইল নম্বরের সিডিআর উঠানো হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলছে।