ইলন মাস্কের এক্স কর্পোরেশনের হাতছাড়া হওয়া ‘টুইটার’ নাম ও লোগো নিয়ে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াভিত্তিক স্টার্টআপ প্রতিষ্ঠান অপারেশন ব্লুবার্ড একটি নতুন সামাজিক যোগাযোগমাধ্যম ‘টুইটার ডটনাউ’ অনলাইনে চালু করেছে। পুরোনো টুইটার বা মাইক্রোব্লগিং ওয়েবসাইটটির নাম ২০২২ সালে মাস্ক ক্রয় করার পর পরিবর্তন করে এক্স রাখা হয়। তবে মাস্কের সিদ্ধান্তের পর থেকেই টুইটারের স্বত্ব ও মেধাসম্পত্তি পরিত্যক্ত বলে দাবি করা হয়। সেই সুযোগ কাজে লাগিয়ে গত ডিসেম্বর মাসে তথ্য প্রকাশের পর এখন এই নতুন নেটওয়ার্কটি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হয়েছে।
প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা স্টিভেন কোটস জানান, তাঁদের প্রতিষ্ঠানটি আকারে ছোট। তাঁদের কিছু বিনিয়োগকারী এবং একটি নিজস্ব পণ্য রয়েছে। তাঁরা দীর্ঘদিন ধরে চালুর অপেক্ষা করেছেন। এখন তাঁরা আর অপেক্ষা করতে চান না। আইনি দিক থেকে এ বিষয়ে চলছে বিতর্ক। এক্স কর্পোরেশন ডেলাওয়ারের ফেডারেল আদালতে অন্তর্বর্তী নিষেধাজ্ঞার আবেদন জানালেও গত এপ্রিল মাসে শুনানিতে বিচারক কোলম কোনোলি প্রাথমিকভাবে মৌখিক রায় দেন। তিনি জানান, এক্স কর্পোরেশন সম্ভবত তাদের কিছু স্বত্ব ছেড়ে দিয়েছে। টুইট শব্দ এবং টুইটার পাখির লোগোর ওপর তাদের দাবি কম। এমনকি টুইটার শব্দের ওপর থেকেও তারা অধিকার হারাতে পারে। তবে বিচারক এখনো কোনো লিখিত আদেশ জারি করেননি।
কোটস বর্তমানে নতুন টুইটারের সাধারণ আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন। মাস্কের আগের আমলেও তিনি একই পদে ছিলেন। তিনি মনে করেন, এক্স কর্পোরেশন তাদের অধিকার ছেড়ে দিয়েছে। টুইটার ও টুইট ট্রেডমার্কের ওপর তাদের কোনো দাবি নেই। নতুন প্ল্যাটফর্মটি পুরোনো সংস্করণ থেকে সম্পূর্ণ আলাদা। বর্তমানে সাইটে কয়েকশ ব্যবহারকারী সক্রিয় থাকলেও এর গঠন ও কার্যপদ্ধতি আগের টুইটারের মতোই। এখানে উত্তর দেওয়া ও রিটুইট করার সুবিধা রয়েছে। বিশেষ করে তথ্য যাচাইয়ের জন্য জেমিনি প্রযুক্তি ভিত্তিক ‘ভেরা’ নামক স্বয়ংক্রিয় ইঞ্জিন যুক্ত করা হয়েছে, যা রিয়েলটাইম বিশ্লেষণের মাধ্যমে প্রতিটি পোস্ট যাচাই করে। ইলন মাস্কের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। সূত্র: আর্টস টেকনিকা।