সোমবার (৩১ আগস্ট) দুপুর ২টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু ঢালে ‘নিউ গ্রিন লাইন এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়েছে। এতে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর।
দুর্ঘটনাটি ঘটেছে মুন্সীগঞ্জের লৌহজং থানার মাওয়া অংশে। মাগুরা থেকে ঢাকাগামী বাসটি পদ্মা সেতুর ঢালে পৌঁছানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা খায় এবং উল্টে যায়। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা আহত যাত্রীদের বাস থেকে বের করে নিয়ে আসে। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সযোগে সকল আহতকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছেন—মাগুরা সদরের সাইফুল্লাহ (৮০) ও লুৎফর (৬৩), চুয়াডাঙ্গার আলমডাঙ্গার রেবেকা খাতুন (৪০), দামুড়হুদার নূর ইসলাম (৪৬) ও রশিদা (৪০), মাগুরার মোহাম্মদপুরের ফাতেমা (৭), শ্রীপুরের সাইফ (২৩) এবং ফরিদপুরের মধুখালীর আরাফাত (১৩)।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
প্রাথমিক পর্যবেক্ষণে বাসটির অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে দুর্ঘটনার সঠিক কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে.