বাগেরহাটের মোরেলগঞ্জে পুটিখালী ইউনিয়নের একটি মসজিদের সরকারি ভাতার টাকা নিয়মিত ইমামতি না করেও উত্তোলনের অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াতে ইসলামীর আমির মাওলানা নাজির আহম্মেদের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে মসজিদের সাবেক মুয়াজ্জিন আব্দুর রব হাওলাদার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় সূত্র ও অভিযোগপত্র থেকে জানা যায়, ২০০৪ সালে প্রতিষ্ঠিত পুটিখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর পুটিখালী গ্রামের ‘বায়তুন আমান জামে মসজিদে’ সরকারি ভাতার বরাদ্দ রয়েছে। তবে দীর্ঘদিন ধরে দলীয় ও সামাজিক কোন্দলের কারণে মসজিদটিতে পাঁচ ওয়াক্ত নামাজে নিয়মিত মুসল্লি ও নির্ধারিত ইমাম-মুয়াজ্জিনের অভাব দেখা দিয়েছে। গত প্রায় চার বছর ধরে মসজিদটিতে কেবল জুমার দিনে একজন অস্থায়ী ইমাম নামাজ আদায় করিয়ে থাকেন। এমন পরিস্থিতিতেও নিয়মিত ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের অনুপস্থিতিতে জামায়াত নেতা নাজির আহম্মেদ সরকারি ভাতার টাকা উত্তোলন করছেন বলে স্থানীয়রা ও সাবেক কমিটির প্রতিনিধিরা অভিযোগ তুলেছেন।

অভিযোগ অস্বীকার করে জামায়াত নেতা মাওলানা নাজির আহম্মেদ বলেন, আমি ওই মসজিদের নিয়মিত খতিব। মসজিদ কমিটির অনুমোদিত ইমাম ও মুয়াজ্জিন রয়েছেন। সরকারি প্রণোদনা হিসেবে এ পর্যন্ত মাত্র পাঁচ হাজার টাকা উত্তোলন করা হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভাবনা থাকায় কুচক্রী মহল তাকে হেয় করতে মিথ্যা অভিযোগ তুলছে বলে তিনি দাবি করেন।

বিষয়টি নিশ্চিত করে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল্লাহ জানান, সংশ্লিষ্ট মসজিদটি কেন্দ্র করে একাধিক লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তের জন্য গঠিত কমিটি পর্যালোচনা করছে এবং তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।