বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা বেড়ে প্রায় ২৬ হাজার কোটি টাকায় পৌঁছেছে। এই অর্জনের পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মূল বেতনের ছয় গুণ প্রণোদনা বোনাস দেওয়ার অনুমোদন দিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ।
রোববার (৩০ আগস্ট) গভর্নর মো. মোস্তাকুর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ২০২৫-২৬ অর্থবছরের আর্থিক হিসাব বিবরণী অনুমোদিত হয়। ওই সভায় কর্মকর্তাদের ছয় গুণ বোনাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, গত অর্থবছরে নিট মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ২৫ হাজার ৯৭৭ কোটি টাকা, যা আগের অর্থবছরে ছিল ২২ হাজার ৬২০ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে মুনাফা বেড়েছে ৩ হাজার ৩৫৭ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের পুরো মুনাফাই সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। এরই মধ্যে ১০ হাজার কোটি টাকা সরকারকে দেওয়া হয়েছে এবং বাকি ১৫ হাজার ৯৭৭ কোটি টাকা দ্রুত জমা দেওয়ার কথা রয়েছে।
পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারী মূল বেতনের ছয় গুণ হারে প্রণোদনা বোনাস পাবেন। উল্লেখ্য, আগের অর্থবছরেও একই হারে বোনাস প্রদান করা হয়েছিল।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অর্থনীতিতে ধীরগতি থাকলেও গত অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ ব্যবস্থাপনা কার্যক্রম সক্রিয় ছিল। রাজস্ব আদায় কম হওয়ায় সরকার এবং বাণিজ্যিক ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে আগের চেয়ে বেশি ঋণ নেওয়ায় সুদের আয় বেড়েছে। এছাড়া বৈদেশিক মুদ্রার রিজার্ভের একটি অংশ বিভিন্ন দেশে বিনিয়োগের ফলে ভালো আয় হয়েছে, যা নিট মুনাফা বৃদ্ধিতে সহায়তা করেছে।
ব্যাংকারদের মতে, সাধারণত অর্থনীতি চাঙা থাকলে কেন্দ্রীয় ব্যাংকের মুনাফা কম হয় এবং মন্দাভাব বা ধীরগতি থাকলে মুনাফা বাড়ার প্রবণতা থাকে, যা বিশ্বের অন্যান্য দেশের কেন্দ্রীয় ব্যাংকের ক্ষেত্রেও দেখা যায়।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০২৩-২৪ অর্থবছরে নিট মুনাফা ছিল ১৫ হাজার ৩০০ কোটি টাকা, ২০২৪-২৫ অর্থবছরে তা বেড়ে হয় ২২ হাজার ৬২০ কোটি টাকা এবং সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে তা দাঁড়িয়েছে ২৫ হাজার ৯৭৭ কোটি টাকায়।