নওগাঁ জেলার আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়নের বড়-রসুলপুর জেলেপাড়া গ্রাম থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) সকালে এ ঘটনার সন্ধান মেলে।
স্থানীয় ও পরিবারের সূত্রে জানা যায়, ওই গ্রামের বাসিন্দা প্রবাসী প্রেম কুমারের স্ত্রী সাথী শনিবার রাতের খাবার শেষে নিজ কক্ষে বিশ্রাম নেওয়ার জন্য যান। রোববার সকালে গৃহস্থালির কাজে পানি আনতে যাওয়ার সময় তার শাশুড়ি তাকে ডাকেন। কিন্তু ঘরের ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে তিনি উদ্বেগ প্রকাশ করে চিৎকার শুরু করেন। শাশুড়ির চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন এবং ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে তারা বৈদ্যুতিক পাখার সঙ্গে সাথীর মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন। তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।