টাঙ্গাইলের বাসাইল উপজেলার বর্ণীকিশোরী এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে ১০টি ঘোড়া জবাই করা অবস্থায় পাওয়া গেছে। দুর্বৃত্তরা সাতটি ঘোড়ার মাংস সরিয়ে নিয়ে গেলেও ভোর হওয়ায় বাকি তিনটি জবাই করা অবস্থায় সেখানেই ফেলে রেখে যায়। রোববার (৩০ আগস্ট) সকালে স্থানীয়রা এ বিষয়টি লক্ষ্য করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের বেলায় দুর্বৃত্তরা ওই পরিত্যক্ত বাড়িতে ১০টি ঘোড়া জবাই করে। সাতটি ঘোড়ার মাংস উঠাতে সক্ষম হলেও ভোর হওয়ায় বাকি তিনটি জবাই করা অবস্থায় ফেলে চলে যায় তারা। স্থানীয়রা ও পুলিশের ধারণা, অন্যত্র থেকে ঘোড়া এনে এই নির্জন জায়গায় জবাই করা হয়েছে। সকালে স্থানীয়রা ওই স্থানে জবাই করা ঘোড়া, তাদের মাথা, চামড়া ও হাড় পড়ে থাকতে দেখেন।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দা মফিজ বলেন, "সকালে শুনতে পাই ১০টি ঘোড়া জবাই করা হয়েছে। সাতটি ঘোড়ার মাংস নিয়ে গেছে। তিনটি ঘোড়া জবাই করে ফেলে রেখে গেছে। আমরা কীভাবে বাজার থেকে গরুর মাংস কিনব। গরুর মাংস কিনতে মানুষ আস্থা হারিয়ে ফেলবে।"
বিষয়টি নিশ্চিত করে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, "আমাদের ধারণা, রাত ১টা থেকে ৪টার মধ্যে ঘোড়াগুলো জবাই করে দুর্বৃত্তরা। ভোর হয়ে যাওয়ায় সাতটি ঘোড়ার মাংস নিতে পারলেও তিনটি জবাই করা অবস্থায় ফেলে যায় তারা। ধারণা করছি, অন্য কোথাও থেকে ঘোড়া নিয়ে এসে এখানে জবাই করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।"