খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ম্রা থোয়াই মারমা বলেছেন, জনগণের কল্যাণই হবে পরিষদের মূল লক্ষ্য। দলীয় পরিচয়কে এখানে গুরুত্ব দেওয়া হবে না। জেলা পরিষদ কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর প্রতিষ্ঠান নয়।

রোববার (৩০ আগস্ট) সকালে জেলা পরিষদের সম্মেলন কক্ষে ১১তম অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পাহাড়ের মানুষের দীর্ঘদিনের সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি ও স্থানীয় উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে পরিষদের কার্যক্রম আরও গতিশীল করা হবে।

এ সময় তিনি পরিষদের সব সদস্যকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে নবনিযুক্ত সদস্যরাও দায়িত্ব গ্রহণ করেন। এতে বক্তব্য দেন পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ইলিয়াস মেহেদী, নির্বাহী কর্মকর্তা আব্দুল আল মাহফুজ, নবনিযুক্ত সদস্য এম এন আবছার, মোশারফ হোসেন, অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু ও রুবেল মারমা।

এ সময় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।