যশোরের রাজারহাট এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬ এর অভিযানে সাতক্ষীরা থেকে চট্টগ্রামগামী একটি ট্রাক থেকে ৩৭ কেজি ৭০০ গ্রাম জেলি পুশ করা চিংড়ি উদ্ধার করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) রাতে কোতয়ালী মডেল থানাধীন রাজারহাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে খবরটি পেয়ে র্যাব সদস্যরা ও মৎস্য অধিদপ্তরের সদস্যরা যৌথভাবে সেখানে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করেন। সূত্র জানায়, কয়েকজন মাছ ব্যবসায়ী একটি ট্রাকে সাতক্ষীরা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলেন। খবরের সত্যতা যাচাই ও আইনি ব্যবস্থা নিতে চেকপোস্টটি স্থাপন করা হয়।
সন্দেহভাজন ট্রাকটি চেকপোস্টে পৌঁছালে র্যাব সদস্যরা তা থামিয়ে তল্লাশি শুরু করেন। দীর্ঘ সময় ধরে তল্লাশি চালানোর পর ট্রাকের মাছ পরিবহনের জন্য ব্যবহৃত ককশিটের ভেতর থেকে ৩৭ কেজি ৭০০ গ্রাম জেলি পুশ করা চিংড়ি উদ্ধার করা হয়। অভিযান শেষে সংশ্লিষ্ট মাছ ব্যবসায়ীদের ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা জেলি পুশ করা চিংড়ি জমা রাখা হয়েছে।
এ বিষয়ে র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. ফজলে রাব্বি প্রিন্স জানান, “জনস্বাস্থ্য ও ভোক্তা অধিকার সুরক্ষায় অবৈধ ও ক্ষতিকর পদ্ধতিতে মাছ সংরক্ষণ বা পরিবহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”