নওগাঁর মান্দা উপজেলার ১৪নং বিষ্ণুপুর ইউনিয়নের পারইটুঙ্গী গ্রামে ডিবি সদস্য পরিচয়ে ঢুকে একটি পরিবারের সদস্যদের হাতকড়া পরিয়ে স্বর্ণালংকার লুটের চেষ্টা করেন তিন ব্যক্তি। শনিবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের পিছু ধাওয়া করে পারইটুঙ্গী থেকে পাশ্ববর্তী বাগমারা থানাধীন সিমলা বাজার এলাকায় আটক করেন। রোববার (৩০ আগস্ট) সকালে নওগাঁর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, আসামিরা দিনাজপুরের বিরামপুর উপজেলার মানিক হোসেন, এনামুল হক ও দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার মাহবুব হাসান মুন্না। তারা ডিবি কর্মকর্তা বলে পরিচয় দিয়ে বিপুল কুমারের বাড়িতে প্রবেশ করেন। ঘরের ভেতরে ঢুকে বিপুলের বাবা সুকুমার চন্দ্র ও চাচা সবুজ কুমারকে হাতকড়া পরিয়ে আতঙ্ক ছড়ান। এরপর বিপুলের স্ত্রী, মা ও শাশুড়িকে ভয় দেখিয়ে বাড়ির প্রতিটি কক্ষে তল্লাশি চালান। স্বর্ণালংকার লুট করে পালানোর সময় তাদের কার্যপ্রণালীতে সন্দেহ হয় বিপুল ও স্থানীয়দের। পরে স্থানীয় যুবকেরা তাদের ধাওয়া করে সিমলা বাজারে আটক করেন।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, আসামিদের কাছ থেকে হাতকড়াসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিয়মিত মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।