সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবম বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি মো. হাবিবুল গনি। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী রোববার সকাল সাড়ে ৯টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাঁকে শপথবাক্য পড়ান। এই নিয়োগের মাধ্যমে আপিল বিভাগে বিচারকের সংখ্যা পাঁচে উন্নীত হয়েছে।

শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। এ সময় সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, আমন্ত্রিত অতিথিরা এবং রেজিস্ট্রির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, রাষ্ট্রপতি মো. হাবিবুল গনিকে হাইকোর্ট বিভাগ থেকে আপিল বিভাগে স্থানান্তরের নির্দেশ দেন। আইন ও বিচার বিভাগের বিচার শাখা গত ২৭ আগস্ট এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদ অনুযায়ী, হাইকোর্ট বিভাগে কর্মরত বিচারক মো. হাবিবুল গনিকে আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হলো। তাঁর এ নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকেই কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

বিচারপতি হাবিবুল গনির আইনজীবী জীবনের শুরু ১৯৮৯ সালের ৩ এপ্রিল, যখন তিনি জেলা আদালতে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। পরবর্তীতে ১৯৯২ সালের ১১ এপ্রিল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে যোগ দেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তিনি এমএসএস ও এলএলবি ডিগ্রি অর্জন করেন। বিচারপতি হিসেবে তাঁর কর্মজীবন শুরু হয় ২০১০ সালের ১৮ এপ্রিল, যখন হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। দুই বছর পর, ২০১২ সালের ১৫ এপ্রিল তিনি স্থায়ী বিচারপতিতে উন্নীত হন.