ফেনী পৌর শহরের চাড়িপুর এলাকায় সড়কের পাশের ঝোপ থেকে এক নবজাতক কন্যাকে উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে পথচারীরা কান্নার শব্দ পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর দিলে পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে। পরে তাকে চিকিৎসার জন্য ফেনী রেল হাসপাতালে নেওয়া হয়।
পথচারীরা জানান, তারা সড়ক দিয়ে যাওয়ার সময় ঝোপ থেকে কান্নার শব্দ শুনতে পান। কাছে গিয়ে দেখেন ওড়না মোড়ানো অবস্থায় শিশুটি পড়ে আছে। পরে তারা ৯৯৯-এ কল করেন।
ফেনী জেনারেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নয়ন চন্দ্র দাস বলেন, "নবজাতকটিকে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।"
ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রোকন উদ দৌলা জানান, "উদ্ধার হওয়া নবজাতকের বয়স এক বা দুই দিন হতে পারে। রাতে শিশুটির শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ায় তাকে হাসপাতালের এনআইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।"
ফেনী মডেল থানার পরিদর্শক সাজিদ কামাল বলেন, "শিশুটি কীভাবে ঝোপে এল, সেটি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।"