লক্ষ্মীপুর সদরে সুপারি গাছে উঠতে অস্বীকার করায় রিয়াদ হোসেন (১২) নামের এক শিশুকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চররুহিতা এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্ত রুবেল হোসেন পলাতক রয়েছে।
নিহত রিয়াদ চররুহিতা এলাকার অটোরিকশাচালক শাহেদ হোসেনের ছেলে। অন্যদিকে, অভিযুক্ত রুবেল একই এলাকার দিনমজুর মো. মিলনের পুত্র। স্থানীয়দের দাবি, রুবেল মাদকাসক্ত।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় রুবেল শিশু রিয়াদকে জোরপূর্বক একটি সুপারি গাছে উঠতে নির্দেশ দেয়। কিন্তু রিয়াদ গাছে উঠতে অপারগতা প্রকাশ করলে রুবেল রাগান্ত্রে তার বুকে ছুরি বসিয়ে দেয়। শিশুর চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন বলেন, "সুপারি গাছে না ওঠায় ক্ষিপ্ত হয়ে শিশুটিকে ছুরি দিয়ে আঘাত করে রুবেল। ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে সে পালিয়েছে। স্থানীয়রাসহ আমরা তাকে খোঁজাখুঁজি করছি।"
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, "খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত রুবেলকে দ্রুত গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।"