ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটে আটকা পড়া অ্যাম্বুলেন্সে প্রায় চার ঘণ্টা অপেক্ষার পর হৃদরোগে আক্রান্ত আমিরুন্নেছা নামের এক রোগী মারা গেছেন। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। দীর্ঘ যানজটের কারণে কুমিল্লার দাউদকান্দি এলাকায় গাড়িটি আটকে পড়ে। শুক্রবার (২৮ আগস্ট) রাত ৩টার দিকে তিনি সেখানেই মৃত্যুবরণ করেন।

তার স্বজন তারেক আল হাসান জানান, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর শুক্রবার রাত ৮টার দিকে আমিরুন্নেছাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে রওনা হন তারা। রাত ১১টার দিকে অ্যাম্বুলেন্সটি কুমিল্লার দাউদকান্দি এলাকায় পৌঁছায়। কিন্তু মহাসড়কে তীব্র যানজট থাকায় এরপর আর গাড়িটি সামনে এগোতে পারেনি। তিনি বলেন, প্রায় চার ঘণ্টা যানজটে আটকে থাকার পর রাত ৩টার দিকে অ্যাম্বুলেন্সের মধ্যে আমিরুন্নেছার মৃত্যু হয়।

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আষাড়িয়ারচর সেতুতে সংস্কারকাজের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে যানজট সৃষ্টি হয়। শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে মহাসড়কের ঢাকামুখী যানজট দেখা দেয়। এদিন দুপুর থেকে সেতুতে সংস্কারকাজ শুরু করে করে সড়ক বিভাগ। এতে শনিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত মহাসড়কের ঢাকামুখী লেন সাড়ে ১৬ ঘণ্টা বন্ধ ছিল।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল ইসলাম জানান, আষাড়িয়ারচর সেতুর ঢাকামুখী লেনে জরুরি সংস্কারকাজ চলছিল। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এই লেনটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। কাজ শেষ হওয়ায় এখন মহাসড়কের ওই অংশে যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে।