পটুয়াখালীর দুমকি উপজেলার উত্তর পাঙ্গাসিয়া গ্রামের হাওলাদার বাড়ির ‘বায়তুল মামুর জামে মসজিদ’-এর নিজস্ব কক্ষ থেকে মো. সায়েম (২০) নামের এক মুয়াজ্জিনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) রাতে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র জানায়, এশার নামাজের সময় ইউসুফ হাওলাদার নামের এক মুসল্লি মুয়াজ্জিনকে দেখতে না পেয়ে তার কক্ষে খোঁজ নিতে যান। সেখানে তিনি সায়েমকে অচেতন ও রহস্যজনক অবস্থায় পড়ে থাকতে দেখেন। চিৎকার শুনতে পেয়ে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে পর্যবেক্ষণে দেখা যায়, ঘরের সিলিং ফ্যানের হুকে একটি প্লাস্টিকের রশি ঝুলছে এবং নিহতের গলায় ফাঁসের স্পষ্ট চিহ্ন রয়েছে।

নিহত মুয়াজ্জিন সায়েম পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের জামুরা গ্রামের মৃত আব্দুল জব্বার মৃধার ছেলে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এটি হত্যা নাকি আত্মহত্যা—তা ময়নাতদন্তের প্রতিবেদন ও পূর্ণাঙ্গ তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।