ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমিতে আগামী শনিবার নির্ধারিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও কওমি ছাত্র ঐক্য পরিষদের পৃথক কর্মসূচি বাতিল করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দুই সংগঠন থেকেই তাদের কর্মসূচির বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

জেলা প্রশাসক (ডিসি) মো. আবুসাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, "এনসিপি একটি অনুষ্ঠানের কথা বলে আবেদন করেছিল। অনুষ্ঠান ও রাজনৈতিক কর্মসূচি এক বিষয় নয়। তাই ভেন্যু বাতিল করা হয়েছে। কওমি ছাত্র ঐক্য পরিষদ কোনো আবেদন করেনি। শিল্পকলায় কোনো প্রোগ্রাম হবে না। পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।"

জানা যায়, শনিবার (২৯ আগস্ট) বিকেল ৩টায় কওমি ছাত্র ঐক্য পরিষদ এবং বিকেল ৪টায় এনসিপি শিল্পকলা একাডেমিতে পৃথক কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল। তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ও উত্তেজনার খবর আসায় প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভেন্যু বাতিলের সিদ্ধান্ত নেয়।

গত বৃহস্পতিবার জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হওয়ার বিষয়টি তুলে ধরেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধের বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে না পারায় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ব্যাখ্যা দাবি করেন এবং সরকারের ভূমিকার সমালোচনা করেন। এর জেরে শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে কওমি ছাত্র ঐক্য পরিষদ। তারা বক্তব্য প্রত্যাহার ও হাসনাত আবদুল্লাহর প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানায়।

এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহর মতামত জানতে তার ফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি। ফলে পার্টির পক্ষ থেকে সরাসরি বক্তব্য পাওয়া যায়নি।