চুয়াডাঙ্গায় সদর উপজেলার আলুকদিয়ায় বাসশ্রমিকদের ওপর হামলা এবং ইজিবাইক চলাচলের রঙ নির্ধারণে প্রশাসনের পদক্ষেপ না হওয়ায় আন্তজেলার পাঁচটি পথে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু হয়েছে। শনিবার সকাল থেকে এই ধর্মঘট কার্যকর হচ্ছে।
স্থানীয় বাস মালিক ও শ্রমিকদের তিনটি সংগঠনের যৌথ সভার সিদ্ধান্ত অনুযায়ী গতকাল শুক্রবার রাতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়। সংগঠনগুলো হলো চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহন মালিক সমিতি, চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপ এবং চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।
ধর্মঘটের কারণে চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর জেলা এবং জেলার হাসাদহ ও আলমডাঙ্গা পথে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। অন্যদিকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল ও রাজশাহীসহ দূরপাল্লার পথে বাস স্বাভাবিকভাবে চলাচল করছে।
শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম জানিয়েছেন, বিষয়টির দ্রুত সমাধান না হলে যেকোনো মুহূর্তে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে।
চুয়াডাঙ্গা আন্তজেলা বাস টার্মিনাল ও দৌলাতদিয়াড় বাসস্ট্যান্ডে যাত্রীবাহী বাসগুলো দাঁড়িয়ে আছে। শহরের একাডেমি মোড়, কোর্ট মোড় ও বড়বাজার বাসস্ট্যান্ডে ইজিবাইকের প্রাধান্য দেখা গেছে। আন্তজেলা পথে বাস না থাকায় যাত্রীদের ইজিবাইক ও ব্যাটারিচালিত ভ্যান ব্যবহার করতে হচ্ছে, যাতে ঝুঁকি ও বাড়তি ভাড়ার কথা জানান তারা।
বৃহস্পতিবার বিকেলে দৌলাতদিয়াড়ে যাত্রী তোলা নিয়ে বাসশ্রমিক ও ইজিবাইক শ্রমিকদের মধ্যে ধস্তাধস্তি হয়। এর জেরে ইজিবাইক চালকরা আলুকদিয়ায় একটি যাত্রীবাহী বাস থামিয়ে চালক ও সুপারভাইজারকে মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে অভিযুক্তদের গ্রেপ্তার না হওয়ায় শুক্রবার বিকেলে শ্রমিকরা বাস চালানো বন্ধ রেখে প্রতিবাদ জানান।
উত্তেজনাকর পরিস্থিতিতে সন্ধ্যায় জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের কার্যালয়ে তিন সংগঠনের যৌথ সভা হয়। সভায় হামলাকারীদের গ্রেপ্তার এবং সড়ক নিরাপত্তা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ইজিবাইক চলাচল নিয়ন্ত্রণে উপজেলা ও পৌরসভাভিত্তিক আলাদা রঙ নির্ধারণে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানানো হয়।
চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবুল কালাম মুক্তকণ্ঠকে বলেন, শুক্রবার পরিবহন মালিক-শ্রমিকদের যৌথ সভার সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে আন্তজেলার পাঁচটি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। দ্রুততম সময়ে সুরাহা না হলে ভবিষ্যতে দূরপাল্লার পরিবহন বন্ধসহ কঠোর কর্মসূচি নেওয়া হবে।
বিষয়টি নিয়ে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, বিষয়টি নিয়ে পুলিশ সুপারের সঙ্গে কথা হয়েছে। পরিবহন মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্টদের সঙ্গে বসে দ্রুত সমাধান করা হবে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিনহাজ-উল-ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, আলুকদিয়ার ঘটনায় পরিবহনশ্রমিকদের লিখিত অভিযোগ তদন্ত করা হচ্ছে। পাশাপাশি সার্বিক সমস্যা সমাধানে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে কথা চলছে।