রাঙামাটির কাপ্তাই হ্রদে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে পানির স্তর বেড়ে যাওয়ায় পর্যটকদের জনপ্রিয় আকর্ষণীয় ঝুলন্ত সেতুটি তলিয়ে গেছে। সেতুর বেশির ভাগ অংশ জলমগ্ন থাকায় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে বাংলাদেশ পর্যটন করপোরেশন শনিবার (২৯ আগস্ট) দুপুর থেকে সেখানে পর্যটক চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।
স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, গত কয়েক দিনের প্রবল বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি দ্রুত বাড়ছে। এর প্রভাবে নয়নাভিরাম ঝুলন্ত সেতুর পাটাতনের বিভিন্ন অংশ পানিতে ডুবে গেছে। বর্তমানে সেতুর অধিকাংশই পানির নিচে থাকায় পর্যটকদের জন্য সেখানে চলাচল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের তথ্য অনুযায়ী, বর্তমানে কাপ্তাই হ্রদে পানির পরিমাণ ১০৫ দশমিক ৫৪ এমএলএম। পাঁচটি ইউনিটে মোট ২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। প্রতি বছর বর্ষা মৌসুমে কাপ্তাই হ্রদের পানি বাড়লে ঝুলন্ত সেতুর পাটাতন পানিতে তলিয়ে যায়। এবারও পানি বাড়ায় দূর-দূরান্ত থেকে আসা পর্যটকরা সেতুতে প্রবেশ করতে পারছেন না। ফলে অনেক পর্যটক হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।
বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা বলেন, পানি বৃদ্ধি অব্যাহত থাকায় যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে সেতুটিতে পর্যটকদের চলাচল বন্ধ রাখা হয়েছে। হ্রদের পানি কমে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঝুলন্ত সেতুতে পর্যটকদের প্রবেশ ও চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।