ঝিনাইদহের কালীগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন—উপজেলার চাপরাইল কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি তাজিম হোসেন (২৬), পৌর ছাত্রলীগের সহসভাপতি রিফাত মিয়া (২৫) ও ছাত্রলীগ নেতা রমজান আলী (৩৮)।

পুলিশ জানায়, ওইদিন ভোরে যশোর রোডের কালীগঞ্জ হক চিড়ামিল এলাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সমবেত হয়ে মিছিল ও স্লোগান দেয়। বিষয়টি জানতে পেরে থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। নেতাকর্মীরা পালানোর চেষ্টা করলে পুলিশ তাড়া করে তিনজনকে আটক করতে সক্ষম হয়।

কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার মনিরুজ্জামান জানান, সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে তিন ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।