পুরান ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) লালবাগ ট্রাফিক বিভাগের আজিমপুর কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. মফিজুল ইসলাম।

ডিসি মফিজুল ইসলাম জানান, পুরান ঢাকার যানজটের অন্যতম প্রধান কারণ হিসেবে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড, বাদামতলী ফলের মার্কেট, ধোলাইখালের ট্রাকস্ট্যান্ড এবং ভিক্টোরিয়া পার্ক এলাকার বাসস্ট্যান্ড চিহ্নিত করা হয়েছিল। এর মধ্যে ভিক্টোরিয়া পার্কের বাসস্ট্যান্ড সরানোর উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের সমন্বিত প্রচেষ্টায় এই বাসস্ট্যান্ড স্থানান্তরের পর এলাকাটির যানজট ও জনভোগান্তি উল্লেখযোগ্য হারে কমেছে।

সরকারি নির্দেশনা অনুযায়ী ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডও সরিয়ে নেওয়া হয়েছিল। তবে সংশ্লিষ্টদের অন্য পাশে স্থানান্তরের ক্ষেত্রে প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে প্রক্রিয়াটি বিলম্বিত হচ্ছে। সংশ্লিষ্ট পক্ষ থেকে আরও অবকাঠামো তৈরির দাবি জানিয়েছে। বিষয়টি উচ্চপর্যায়ে আলোচনাধীন থাকায় কিছুটা সময় লাগছে বলে ডিসি জানান।

ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডটি সাময়িকভাবে সেখানেই রাখা হয়েছে। ডিসি মফিজুল ইসলাম বলেন, বাসস্ট্যান্ডটি স্থায়ীভাবে সরিয়ে দেওয়া সম্ভব না হওয়ায় তিনি হতাশ। তবে পরবর্তীতে এটি সম্পূর্ণ সরিয়ে নেওয়া হবে বলে তাকে জানানো হয়েছে। যানজট দ্রুত সমাধানে প্রশাসনের সাথে নিয়মিত আলোচনা চলছে এবং স্থানান্তরের জন্য প্রয়োজনীয় জায়গা ও অবকাঠামো দ্রুত প্রস্তুত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

ছোটবেলা থেকেই পুরান ঢাকার সড়কে যানজট দেখে আসছেন তিনি। বর্তমানে এই এলাকার যানজট নিরসনের দায়িত্বে থাকায় সমস্যাটির স্থায়ী সমাধান করতে পারলে সেটিকে তার কর্মজীবনের একটি স্মরণীয় অর্জন হিসেবে বিবেচনা করা হবে বলেও জানান তিনি।