হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শনে চিকিৎসা সেবা ও সুযোগ-সুবিধা নিয়ে রোগী স্বজনদের তীব্র ক্ষোভের মুখে পড়েন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। শনিবার (২৯ আগস্ট) দুপুরে এই পরিদর্শনকালে এক নারী অভিভাবক সরাসরি মন্ত্রীর কাছে হাসপাতালের অবহেলার কথা তুলে ধরেন।
তিনি মন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, কমদামি একটা স্যালাইন আনতে গেলেও কিনে আনতে হয়। এটা কিসের সরকারি হাসপাতাল? এর থেকে বেসরকারি হাসপাতালই ভালো।
ওই নারী আরও জানান, আজকে সাত দিন ধরে হাসপাতালে ভর্তি। বাধ্য হয়ে বাড়ি থেকে আসা-যাওয়া করি। গরমে অসুস্থ বাচ্চার জন্য একটা ফ্যানও পাইনি। প্রতিদিন ৫০০ থেকে ৬০০ টাকার ইনজেকশন কিনে আনতে হয়। এগুলো তো আপনারা দেন না, আমাদেরই কিনে আনতে হয়।
পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, সার্জারি বিভাগ এবং বহির্বিভাগ ঘুরে দেখেন। চিকিৎসাসেবার মান, রোগীদের সুযোগ-সুবিধা ও হাসপাতালের সামগ্রিক পরিবেশ সম্পর্কে তিনি বিস্তারিত খোঁজখবর নেন। কর্মস্থলে অনুপস্থিত থাকায় রিগান হোসেন নামের এক ফার্মাসিস্টকে তাৎক্ষণিক বদলির নির্দেশ দেন মন্ত্রী। এছাড়া হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশনা দেন তিনি।
মন্ত্রীর উপস্থিতিতে ওই নারী অভিভাবকের তুলে ধরা অভিযোগগুলো হাসপাতালে উপস্থিত অন্যান্য রোগী ও স্বজনদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।