গাজীপুরে একদিনে পৃথক ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) জেলার বিভিন্ন এলাকা থেকে এই মরদেহগুলো উদ্ধার করা হয়।
গাজীপুরের কাপাসিয়া উপজেলার পাবুর দক্ষিণ পাড়া এলাকায় শনিবার বেলা সাড়ে ১১টার দিকে গরুর ঘাস কাটা নিয়ে বিবাদে চাচাতো ভাই রাসেলের হামলায় নিলয় সরকার (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত নিলয় ওই এলাকার মনির সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ঘাস কাটা নিয়ে চাচাতো ভাই রাসেলের সাথে নিলয়ের কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। ঝগড়ার জেরে বাজার থেকে ফেরার পথে নিলয়ের ওপর ওত পেতে হামলা চালায় রাসেল। আব্দুর রশিদ এতিমখানার পাশে পাকা রাস্তায় পৌঁছামাত্রই নিলয়ের মাথায় ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত কোপ দেয় ঘাতক রাসেল। পরবর্তীতে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ জানান, অভিযুক্ত রাসেলকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে কাপাসিয়ায় নিখোঁজের তিন দিন পর জাহিদ হাসান (৫) নামের এক শিশুর মরদেহ ব্রহ্মপুত্র নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৮টার দিকে শিশুটির বাড়ি থেকে প্রায় ৪০০ মিটার দূরে ব্রহ্মপুত্র নদীর ঘাটে ভাসমান অবস্থায় স্থানীয়রা মরদেহটি দেখতে পান। নিহত জাহিদ হাসান কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের খিরাটি গ্রামের মিজানুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট দুপুর থেকে শিশু জাহিদ হাসানকে পরিবারের সদস্যরা খুঁজে পাচ্ছিলেন না। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে কাপাসিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। শনিবার সকালে ব্রহ্মপুত্র নদীর ঘাটে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দিলে কাপাসিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
অপরদিকে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গলাচিপা এলাকায় গজারী বন থেকে অর্ধগলিত এক কারখানা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নিহত মশিউর রহমান রংপুরের গঙ্গাচড়া উপজেলার রাজবল্লভপুর এলাকার আব্দুল মজিদের ছেলে এবং স্থানীয় ‘জেএমই গার্মেন্টস’-এ চাকরি করতেন। তিনি গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুরের দিকে কালিয়াকৈর উপজেলার গলাচিপা এলাকায় গহীন গজারী বনের ভেতর থেকে পচা দুর্গন্ধ বের হতে থাকে। এ সময় এলাকাবাসীর সন্দেহ হলে তারা বনের ভেতর গিয়ে দেখতে পান এক ব্যক্তির অর্ধগলিত লাশ গজারী গাছের ডালে ঝুলে রয়েছে।
কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) রবিউল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে ওই ব্যক্তিকে দুর্বৃত্তরা হত্যা করে সেখানে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়।
এছাড়া গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে আবু বক্কর (৩৫) নামের এক বাক্ ও শ্রবণপ্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার বরাব পশ্চিমপাড়া এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু বক্কর বরাব পশ্চিমপাড়া এলাকার সাহেব আলীর ছেলে। তিনি রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন বলেন, এ বিষয়ে আমাদের কেউ জানায়নি। তবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।