গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গলাচিপা এলাকার গজারী বনে গত শনিবার (২৯ আগস্ট) দুপুরে এক নিখোঁজ শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মশিউর রহমান (৪৫) স্থানীয় জেএমে গার্মেন্টেসে কাজ করতেন। তার পরিবারের দাবি, তিনি গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন।

খবর পাওয়া যায়, বুধবার থেকে নিখোঁজ থাকার পর শনিবার দুপুরে গলাচিপা এলাকার গহীন গজারী বন থেকে পচা দুর্গন্ধ আসতে শুরু করে। এলাকাবাসী সন্দেহ করে বনের ভেতরে ঢুকলে গজারী গাছের ঢালে ঝুলে থাকা এক ব্যক্তির অর্ধগলিত লাশ দেখতে পান। দেহের বেশিরভাগ অংশ মাটির সংস্পর্শে ছিল। লাশটি পরীক্ষায় গলায় রশি পেঁচানো এবং মুখমণ্ডল কালো হয়ে যাওয়া অবস্থায় পাওয়া যায়। স্থানীয়রা ধারণা করছেন, হত্যাকাণ্ডের পর লাশটি গাছে ঝুলিয়ে রাখা হয়েছে এবং পরিচয় গোপন করতে মুখে আগুন ধরানোর চেষ্টা করা হয়েছিল।

মশিউর রহমান রংপুরের গঙ্গাচুরা উপজেলার রাজভল্লবপুর এলাকার আব্দুল মিজদের ছেলে। তিনি গাজীপুর সদর উপজেলার বাংলাবাজার এলাকায় ভাড়া বাসায় থেকে জেএমে গার্মেন্টেসে পোশাক শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার পর নিহতের স্ত্রী মনিকা বেগম বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেন।

কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) রবিউল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে ওই ব্যক্তিকে দুর্বৃত্তরা হত্যা করে সেখানে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।