রংপুরের গঙ্গাচড়ায় অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে এক চালকের গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বিকেলে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর বিষয়টি নিশ্চিত করেন।

ঘটনার সূত্র ধরে জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে গজঘণ্টা ইউনিয়নের শান্তিপাড়া গ্রামের কাউয়াফান্দা এলাকায় মো. নওশা মিয়ার (পুলিশ) বাড়ির সামনে পাকা রাস্তার পাশে মোহাম্মদ মোখলেসুর রহমানের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের অটোরিকশাটি নিখোঁজ রয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে সিআইডি’র একটি ‘ক্রাইম সিন’ টিম ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আইনগত কার্যক্রম শুরু করেছে।

নিহত মোহাম্মদ মোখলেসুর রহমান উপজেলার নবনীদাস মৌলভীবাজার এলাকার মৃত হামিদুর রহমানের ছেলে। তার পরিবারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। ওসি আব্দুস সবুর জানান, হত্যাকাণ্ডের নেপথ্য কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। একই সঙ্গে নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।