বরগুনা সদর উপজেলার খাড়াকান্দা এলাকায় শনিবার (২৯ আগস্ট) সকালে একটি নারকেল গাছ থেকে ডাব চুরি করার সময় ভিমরুলের কামড়ে গুরুতর আহত হয়েছেন এক ব্যক্তি। গাছ থেকে মাটিতে পড়ে যাবার পর তিনি আর উঠতে না পেরে বাড়ির মালিককে ডেকে সাহায্য চান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রেরণ করে।

সূত্র জানায়, খাড়াকান্দা এলাকার বাসিন্দা বেলালের বাড়ির নারকেল গাছে ওঠেন দবির নামে এক ব্যক্তি। করাত দিয়ে কিছু ডাব কাটার সময় হঠাৎ গাছে থাকা ভিমরুলের চাকে আঘাত লাগে। ফলে ভিমরুলগুলো তাকে কামড়াতে শুরু করলে তিনি ভারসাম্য হারিয়ে সরাসরি মাটিতে পড়ে যান। এতে তার কোমর ও হাতে আঘাত লাগে এবং তিনি গাছের নিচে পড়ে থাকেন।

বাড়ির মালিক বেলাল জানান, সকালে ঘুম থেকে ওঠার পর সে আমাদের ডেকে বলে, ‘ভাই আমাকে উদ্ধার করেন, আমি গাছের নিচে পড়ে আছি।’ পরে দেখি ডাবসহ চোরটি গাছের নিচে পড়ে আছে। এরপর পুলিশে খবর দিলে তারা এসে তাকে উদ্ধার করে।

বরগুনা সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শামীম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গাছের নিচে পড়ে থাকা অবস্থায় দবির নামে একজনকে উদ্ধার করেছি। গুরুতর আহত হওয়ায় তাকে চিকিৎসার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।