ফরিদপুরের বোয়ালমারীতে সেচপাম্পের বিদ্যুতের তার অপহরণের চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইব্রাহিম শেখ (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার ময়না ইউনিয়নের বানিয়ারী গ্রামের একটি ধানখেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইব্রাহিম শেখ একই ইউনিয়নের বেলজানী গ্রামের মুক্তার শেখের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বানিয়ারী গ্রামের আব্দুর রহমানের কৃষিজমিতে একটি সেচপাম্প রয়েছে, যা বিদ্যুৎ সংযুক্ত ছিল। স্থানীয়দের ধারণা, গত রাত বা ভোরের দিকে সেচপাম্পের তার চুরি করতে গিয়ে ইব্রাহিম বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পাশের ইসহাক মোল্যার ধানক্ষেতে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

আব্দুর রহমান জানান, শনিবার সকালে তাঁর ভাতিজি তাল কুড়াতে গিয়ে ধানখেতের মধ্যে একজনের মরদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি লক্ষ্য করে তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং পুলিশকে খবর দেওয়া হয়। তিনি আরও জানান, মরদেহ উদ্ধারের সময় ইব্রাহিমের হাতে বিদ্যুতের তার পেঁচানো ছিল। এছাড়া তাঁর কোমরে একটি কাটিং প্লায়ার্স গোঁজা অবস্থায় পাওয়া যায়। এসব আলামত দেখে স্থানীয়রা ধারণা করছেন, সেচপাম্পের মোটর বা তার চুরি করতে গিয়েই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধানখেত থেকে ইব্রাহিমের মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এস এম মাসুদুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের তার কাটতে গিয়ে ইব্রাহিম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।